একদা,একদিন আমরা
কবি মনোয়ার হোসেন রতন
শৈশব কৈশোরের শেষ বিন্দু রেখায়-
বিস্ময়কর সৌর লোকের জ্যোতির্ময় আলোয় উদ্ভাসিত
স্বর্ণালী দিনগুলো একদা, একদিন
আমরা ফেলে এসেছি-
অন্তঃপুরের কোণের ঘরে!
‘গহন কুসুম কুঞ্জ মাঝে।’
আমরা সবাই এরই মধ্যে
সবুজে সবুজময়,
চায়ের পাতার মতো ঘ্রাণময়
দিনগুলো অতিক্রম করে-
বেলা শেষের পড়ন্ত সন্ধ্যায় এসে পৌঁছে গেছি!
সময় যায়,
দিনও চলে যায়,
কিন্তু গানের পাখির ঝড় তোলা সংগীতের স্মৃতি
স্বর্ণ-শস্য হয়ে আজও কথা কয়-
‘দাঁড়ালে দুয়ারে মোর, মিনতি ভরা আঁখি
কে তুমি ঝড়ের পাখি।’
ভোরের শিশির স্নিগ্ধ আলো থেকে
বিকেলের মিষ্টি নরম রোদ পর্যন্ত-
আজও আছি।
পড়ন্ত বেলায় মেঘের ছায়ায়,
সময়ের সঙ্গী হয়ে।