
কেবলমাত্র নিজের অর্জনটাই সফলতা নয়, সামগ্রিক অর্জনই প্রকৃত সফলতা – ডিসি খুলনা
আতিকুর রহমান
কেবলমাত্র নিজের অর্জনটাই সফলতা নয়, সামগ্রিক অর্জনই প্রকৃত সফলতা – ডিসি খুলনা….
“নব জীবনের উৎসবে আজ দাও গো সবারে আহ্বান/ নব আলোকের আনন্দে আজ জাগুক সবার প্রাণ”—এই দীপ্ত বার্তা সামনে রেখে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুলে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে গভ. ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষা পরিবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তিপাপ্ত ২০ জন, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৩৪ জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৬৩ জনসহ মোট ১১৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব কানিজ ফাতেমা লিজা, জেলা শিক্ষা অফিসার জনাব এস, এম, ছায়েদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (খুলনা জোন)-এর নির্বাহী প্রকৌশলী জনাব রিংকন বিশ্বাস এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (খুলনা অঞ্চল)-এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক জনাব মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, “স্কুলে এমন একটি পর্যাপ্ত সুবিধা সংবলিত মিলনায়তন বা ভবন নেই যেখানে সকলে একত্রে বসতে পারে; এমনকি খেলার মাঠটিতেও প্রায়ই জলাবদ্ধতা সৃষ্টি হয়।” এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে ধাপে ধাপে সামনে এগিয়ে যেতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হতে পারে না। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাযাত্রায় পরিবার, শিক্ষক ও সমাজের মানুষদেরও সহযোগীর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীদের মেধা ও চরিত্র গঠনে দিকনির্দেশনা দিয়ে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধ করে এর সুফলকে কাজে লাগাতে হবে। এছাড়া বর্তমান সময়ের বড় উদ্বেগ ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীদের নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে পরিচ্ছন্নতা অভিযান, সামাজিক সচেতনতা, ডেঙ্গু প্রতিরোধ এবং মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে মুক্ত রাখতে ছাত্রভিত্তিক বিশেষ টিম গঠনের জোর তাগিদ দেওয়া হয়।
সম্মাননা বক্তব্যে অতিথিরা জোর দিয়ে বলেন, কেবলমাত্র ব্যক্তিগত অর্জনই সফলতা নয়, বরং সামগ্রিক কল্যাণ ও প্রগতিই প্রকৃত সফলতা। তাই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত একজন ‘ভালো মানুষ’ হওয়া। সেই সাথে পিছিয়ে পড়া দুর্বল শিক্ষার্থীদের বিশেষভাবে পরিচর্যা করে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ফুল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। আনন্দঘন এই আয়োজনের মধ্য দিয়েই সফলভাবে সমাপ্তি ঘটে সংবর্ধনা অনুষ্ঠানের।