
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান
আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘায় দুর্গাপূজায় নিরাপত্তার চাদর, সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান….
রাজশাহীর বাঘায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গোৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বাঘার আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু সাঈদ চাঁদ। সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তকী ফয়সাল তালুকদার।
সভায় আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, থানা পুলিশের সদস্য, বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।