
শূন্যতা
কবি: মনোয়ার হোসেন রতন
শৈশব-কৈশোরের কোলাহলময় সময়,
কিংবা কখনো একাকী অবসরে-
যা কিছু ভালোবাসতাম,
তা’ ছিল একান্ত আমার।
এরপর,
যৌবনের সবচেয়ে বিক্ষুব্ধ প্রভাতে
শুরু হলো জীবনের অনিশ্চয়তা-
শূন্যতা-
বুকে নিয়ে নিঃসঙ্গ পথচলা।
অনেক
আশায় ভর করে-
পাহাড়ের রক্তিম চূড়া থেকে
সূর্য দেখে-
আবার পা বাড়িয়েছি
জীবনের যাত্রাপথে।
যা একদিন আমাকে গুটিয়ে এনেছিল-
শরতের সোনালি আভার
আলোক-উজ্জ্বল আকাশ থেকে।
যখন আমাকে অতিক্রম করছিল-
জীবনের
মেঘমালা, বজ্রপাত
আর বিক্ষুব্ধ ঝঞ্ঝা।